মৃৎ শিল্পী যুগল সরকারের রহস্যজনক মৃত্যুর কিনারা করল উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার পুলিশ। ঘটনায় এক যুবককে গ্রেফতার করার পাশাপাশি শুক্রবার তাকে রায়গঞ্জ কোর্টে পেশ করা হয়।
জানা যায়, সন্ধিয়া গ্রামের বাসিন্দা পেশায় মৃৎ শিল্পী যুগল সরকার কর্মসূত্রে মালদার গাজোলে থাকতেন। গত রবিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার শ্যামগঞ্জে মেলা দেখতে যায় সে। কিন্তু এরপর সে আর বাড়ি ফেরেনি। কিন্তু পরের দিন অর্থাৎ সোমবার সকালে সন্ধিয়া গ্রামের একটি বিলের পাশে ওই যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখতে পান এলাকার মানুষজন। লিখিত অভিযোগের ভিত্তিতে ইটাহার থানার পুলিশ ২৪ ঘন্টার মধ্যেই তদন্ত শুরু করে। সেই সুত্রেই বৃহস্পতিবার রাতে ইটাহার থানার পুলিশের বিশেষ একটি দল পার্শ্ববর্তী জেলার হরিরামপুর থানার বেগুন গ্রাম থেকে নিখিল দাস(২২) নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতকে রায়গঞ্জ কোর্টে তোলা হয়।